
চাঁদপুর সদর উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে প্রায় ১ কোটি ২০ লাখ টাকা মূল্যের ২২ হাজার ১২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নরুল্লাহপুর এলাকায় অভিযান চালায় ডিএনসির একটি দল। এ সময় আবুল হাশেমের ভাড়া বাসায় অভিযান চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
ডিএনসি সূত্রে জানা যায়, মাদক কারবারি ফারহান রানার কক্ষের খাটের ভেতর এবং তার ব্যবহৃত একটি মোটরসাইকেলের ভেতর বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ছিল ইয়াবাগুলো। অভিযানের সময় ফারহান রানা পালিয়ে যায়। পরে মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মিজানুর রহমান জানান, উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ২০ লাখ টাকা। পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।