
নাটোরের সিংড়া উপজেলার ১ নম্বর সুকাশ ইউনিয়নের রণবাঘা থেকে বোয়ালিয়া, কুড়িপাকিয়া ও কাছুটিয়া গ্রামের সংযোগ সড়কের একটি কালভার্ট দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) সরেজমিনে দেখা যায়, কালভার্টের একাংশ ভেঙে বড় গর্তের সৃষ্টি হয়েছে। ভাঙা অংশে কাঠের পাটাতন বসিয়ে কোনোভাবে যানবাহন ও পথচারীদের চলাচলের ব্যবস্থা করা হয়েছে।
স্থানীয়রা জানান, অস্থায়ী কাঠের পাটাতনটি নড়বড়ে হওয়ায় অটোরিকশা, ভ্যান ও মোটরসাইকেল চলাচলে দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। অটোচালকেরা নিজেদের উদ্যোগে অর্থ তুলে কাঠের সাঁকো তৈরি করেছেন। বড় যানবাহন পারাপারের সময় অতিরিক্ত কাঠ এনে বসাতে হয়। এতে অনেক সময় যানবাহন আটকে গিয়ে চরম ভোগান্তির সৃষ্টি হয়। কুড়িপাকিয়া আযিযুল উলুম ফাজিল ডিগ্রি মাদ্রাসার শিক্ষিকা হেনা কবির বলেন, গুরুত্বপূর্ণ এ সড়ক দিয়ে শিক্ষার্থী, কৃষকসহ বিভিন্ন গ্রামের মানুষ প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করেন।
এলাকাবাসী জানান, বর্ষা মৌসুমে দুর্ভোগ আরও বেড়ে যায়। বিশেষ করে শিশু, বয়স্ক ও ছোট যানবাহনের যাত্রীদের জন্য কালভার্টটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। দুর্ঘটনা ঘটার পর ব্যবস্থা নেওয়ার পরিবর্তে আগেই কালভার্টটি সংস্কার বা নতুন করে স্থায়ী সেতু নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন তারা।