
সুস্থ শরীর ও সুন্দর জীবনের প্রত্যয়ে জামালপুরে জনপ্রিয় হয়ে উঠছে ‘গারো হিলস্ রানার্স কমিউনিটি’। শারীরিক সুস্থতা, নিয়মিত শরীরচর্চা ও স্বাস্থ্যকর জীবনযাপনের বার্তা ছড়িয়ে দিতে কাজ করা এ সংগঠনে প্রতিদিনই বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ যুক্ত হচ্ছেন। ধানুয়া কামালপুর কো-অপারেটিভ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. মেসবাহ উল হক তুহিনের নেতৃত্বে প্রতিদিন ভোর ৬টায় সদস্যরা নির্দিষ্ট স্থানে একত্রিত হন।
সেখানে নিয়মিত হাঁটাহাঁটি, শরীরচর্চা ও দৌড়ের পাশাপাশি অভিজ্ঞ প্রশিক্ষকের তত্ত্বাবধানে মিনি ম্যারাথনের আয়োজন করা হয়। একই সঙ্গে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও নিয়মিত ব্যায়ামের মাধ্যমে মানুষকে রোগমুক্ত ও কর্মক্ষম রাখার বিষয়ে সদস্যদের উৎসাহিত করা হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও সংগঠনটির কার্যক্রম ও সুস্থ জীবনযাপনের বার্তা ব্যাপক সাড়া ফেলেছে।
সংগঠনটির প্রতিষ্ঠাতা ডা. হাবিবুর রহমান বলেন, “সুস্থ ও স্বাভাবিক জীবনযাপনের জন্য সঠিক খাদ্যাভ্যাস এবং নিয়মিত শরীরচর্চার কোনো বিকল্প নেই।” তিনি প্রতিদিন ব্যায়ামের পাশাপাশি ভেজালমুক্ত ও পুষ্টিকর খাবার গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। আয়োজকরা মনে করছেন, এ উদ্যোগ তরুণ প্রজন্মসহ সব বয়সী মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।