
বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট পিক (ডিসি) ক্ষমতার দেশের সর্ববৃহৎ সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। ২ হাজার ৫০২ কোটি ৩৯ লাখ টাকা ব্যয়ের এ প্রকল্পসহ মোট ১৩টি নতুন ও সংশোধিত প্রকল্প আজ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। সবগুলো প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ১৬ হাজার ২০৭ কোটি ৫৫ লাখ টাকা।
প্রস্তাবিত অর্থের মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ১০ হাজার ৬০০ কোটি ৮০ লাখ, প্রকল্প ঋণ ৪ হাজার ৮১ কোটি ৮৫ লাখ এবং সংশ্লিষ্ট সংস্থার নিজস্ব অর্থায়ন ১ হাজার ৫২৪ কোটি ৯১ লাখ টাকা। রামপালের সৌরবিদ্যুৎ প্রকল্পটি ২০২৯ সালের মধ্যে বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন বৃদ্ধি, বিদ্যুৎ উৎপাদনে জ্বালানির উৎসে বৈচিত্র্য আনা এবং কার্বন নিঃসরণ কমানো এ প্রকল্পের প্রধান লক্ষ্য। উৎপাদিত বিদ্যুতের ট্যারিফ প্রতি ইউনিট ৬ টাকা ১৮ পয়সা নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া বাংলাদেশ রেলওয়ের সক্ষমতা বাড়াতে ৩০টি মিটারগেজ ডিজেল-ইলেকট্রিক লোকোমোটিভ সংগ্রহে ২ হাজার ৭৬৯ কোটি ৮৬ লাখ টাকা ব্যয়ের প্রকল্পও সভায় উঠছে। স্থানীয় সরকার খাতের কয়েকটি প্রকল্পের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সড়ক ও ড্রেনেজ উন্নয়নে ৭৮৪ কোটি ৪৯ লাখ, রংপুর সিটি করপোরেশনের অবকাঠামো উন্নয়নে ১ হাজার ৬০২ কোটি ৭৯ লাখ এবং গাজীপুর সিটি করপোরেশনের সড়ক, নর্দমা ও ফুটপাত নির্মাণে ২ হাজার ৫৮৬ কোটি ৯৯ লাখ টাকা ব্যয়ের প্রস্তাব রয়েছে। এছাড়া গ্রামীণ অবকাঠামো, নারীদের দক্ষতা উন্নয়ন, নৌযান সংগ্রহ, প্যারিসের চ্যান্সারি ভবন সংস্কার এবং বিভিন্ন সড়ক ও সেতু নির্মাণের প্রকল্পও তালিকায় রয়েছে।