October 6, 2026, 4:48 pm

খ্রিষ্টানদের অধিকার নিশ্চিত করে ঐক্যবদ্ধ দেশ গড়ার আহ্বান

অভয়নগর প্রতিবেদক

খ্রিষ্টান সম্প্রদায়ের অধিকার ও মর্যাদা নিশ্চিত করে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (৬ অক্টোবর) বঙ্গভবনে ঢাকা ক্যাথলিক আর্চডায়োসিসের সহকারী বিশপ সুব্রত বি. গমেজের নেতৃত্বে ২৫ সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান। রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ সব নাগরিকের দেশ; ধর্মীয় পরিচয়ের কারণে কেউ যেন বঞ্চিত বা বৈষম্যের শিকার না হন।
সাক্ষাৎকালে প্রতিনিধিদল খ্রিষ্টান সম্প্রদায়ের বিভিন্ন বিষয় রাষ্ট্রপতির কাছে তুলে ধরে সহযোগিতা কামনা করেন। রাষ্ট্রপতি বলেন, শিক্ষা, স্বাস্থ্য ও সমাজসেবাসহ বিভিন্ন ক্ষেত্রে খ্রিষ্টান সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। হলিক্রস, সেন্ট গ্রেগরিজ, সেন্ট জোসেফ ও নটরডেমসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান মানবসম্পদ উন্নয়নে ভূমিকা রাখছে। প্রতিষ্ঠান পরিচালনা, ভূমি ও সম্পদসহ যৌক্তিক সমস্যাগুলো যথাযথভাবে তুলে ধরতে তিনি সম্প্রদায়ের নেতৃবৃন্দকে সক্রিয় হওয়ার আহ্বান জানান।
রাষ্ট্রপতি বলেন, ধর্মের নামে বিভাজন ও সাম্প্রদায়িকতা কাম্য নয় এবং স্বৈরাচার ও ফ্যাসিবাদ ফিরে আসুক, সেটিও কেউ চায় না। এজন্য সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি পারস্পরিক সহমর্মিতা ও সম্প্রীতির ঐতিহ্য ধরে রাখতে সবাইকে একসঙ্গে কাজ করার কথা বলেন। একই সঙ্গে বিভিন্ন সম্প্রদায়ের নিজস্ব ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণে উদ্যোগী হওয়ার আহ্বান জানান। এ সময় প্রতিনিধি দলের সদস্যদের পাশাপাশি রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিব উপস্থিত ছিলেন।



ফেসবুক কর্নার