October 6, 2026, 4:49 pm

চাঁদাবাজির অভিযোগে দুই লাখ টাকাসহ যুবদল নেতা গ্রেপ্তার

অভয়নগর প্রতিবেদক

মুন্সীগঞ্জে বিয়ে পড়ানোর কথা বলে এক কাজীকে বাসা থেকে ডেকে নিয়ে আটকে রেখে প্রাণনাশের হুমকি দিয়ে দুই লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগে সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি রাজীব হোসেন অপু ও তার সহযোগী স্বপনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৫ অক্টোবর) রাতে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, তাদের কাছ থেকে চাঁদার দুই লাখ টাকা উদ্ধার করা হয়েছে।
থানা ও এজাহার সূত্রে জানা যায়, সোমবার দুপুরে সদর উপজেলার কাটাখালী এলাকার বাসা থেকে কাজী মো. হাবিবুর রহমানকে বিয়ে পড়ানোর কথা বলে ডেকে নেওয়া হয়। পরে রাজীব, স্বপনসহ চার-পাঁচজন মোটরসাইকেলে করে তাকে মুক্তারপুর এলাকায় একটি কক্ষে আটকে রেখে দুই লাখ টাকা দাবি করেন বলে অভিযোগ। চাঁদা না দিলে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। একপর্যায়ে বাধ্য হয়ে মুন্সীগঞ্জ অগ্রণী ব্যাংক থেকে দুই লাখ টাকা তুলে অভিযুক্তদের দেওয়া হলে তাকে ছেড়ে দেওয়া হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় ছেলে সাংবাদিক নাহিদ হাসানকে সঙ্গে নিয়ে থানায় মামলা করেন হাবিবুর রহমান। এজাহারে বলা হয়েছে, স্বপনের স্ত্রী ইতি (২৫) হাবিবুর রহমানের মাধ্যমে স্বপনকে তালাকনামা প্রদান করেন। এ ঘটনাকে কেন্দ্র করেই চাঁদা দাবি করা হয়। মুন্সীগঞ্জ সদর থানার ওসি মো. তছলিম উদ্দিন বলেন, মামলার অভিযোগের ভিত্তিতে রাজীব ও স্বপনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে এবং তাদের কাছ থেকে দুই লাখ টাকা উদ্ধার করা হয়েছে। এদিকে গ্রেপ্তারের পর রাজীব হোসেন অপুকে সংগঠন থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় যুবদল।



ফেসবুক কর্নার