নোয়াখালীর কানকিরহাটে বাসস্ট্যান্ড না থাকায় সড়কে যাত্রী ওঠানামা
আবদুল মোতালেব, নোয়াখালী জেলা প্রতিনিধি।
Update Time :
Wednesday, October 7, 2026
/
23 Time View
/
Share
নোয়াখালীর সেনবাগ উপজেলার কানকিরহাট বাজারে নির্দিষ্ট বাসস্ট্যান্ড না থাকায় ব্যস্ত সড়কের ওপর বাস থামিয়ে যাত্রী ওঠানামা করানো হচ্ছে। এতে প্রায়ই সৃষ্টি হচ্ছে যানজট ও জনদুর্ভোগ। বিশেষ করে ছাতারপাইয়া থেকে সেনবাগ রাস্তার মাথা পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কে বাস দাঁড়িয়ে থাকায় যানবাহন ও পথচারীদের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে।
সরেজমিনে দেখা যায়, বাজার এলাকায় বাসের পাশাপাশি মোটরসাইকেল, সিএনজি, অটোরিকশা, পণ্যবাহী যান ও পথচারীদের চলাচল রয়েছে। একটি বাস যাত্রী ওঠানামার জন্য সড়কে দাঁড়ালে পাশ দিয়ে অন্যান্য যানবাহন চলাচলে ঝুঁকিপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। স্থানীয়দের অভিযোগ, নির্দিষ্ট বাসস্ট্যান্ড না থাকায় চালকরা সুবিধামতো সড়কের ওপর বাস থামান। এতে শিক্ষার্থী, নারী, শিশু, বয়স্ক ও পথচারীদের দুর্ভোগ বাড়ছে এবং দুর্ঘটনার আশঙ্কাও তৈরি হচ্ছে।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, যানজট ও এলোমেলো যানবাহন চলাচলের কারণে বাজারের স্বাভাবিক পরিবেশও ব্যাহত হচ্ছে। এলাকাবাসীর দাবি, নির্দিষ্ট স্থানে বাসস্ট্যান্ড বা যাত্রী ওঠানামার স্থান নির্ধারণ, সড়কের ওপর যত্রতত্র বাস দাঁড়ানো বন্ধ এবং ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করা প্রয়োজন। সংশ্লিষ্ট প্রশাসন ও সড়ক পরিবহন কর্তৃপক্ষ দ্রুত কার্যকর ব্যবস্থা নেবে—এমন প্রত্যাশা জানিয়েছেন স্থানীয়রা।