কুষ্টিয়ায় বিশেষ অভিযান চালিয়ে দুটি পিস্তল, দুই রাউন্ড পিস্তলের গুলি ও ১৬ রাউন্ড শর্টগানের গুলিসহ দুই যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। মঙ্গলবার (৬ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার বংশীতলা এলাকার জসিম ব্রিকসের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন কুমারখালী উপজেলার শালঘর মধুয়া গ্রামের হাসেন আলী গোপালের ছেলে আরিফুল ইসলাম আরিফ (২৮) এবং ইসলামী বিশ্ববিদ্যালয় থানার দূর্বাচরা গ্রামের মো. রাহাদ আলীর ছেলে মো. আব্দুল্লাহ (২৮)। ডিবি পুলিশ জানায়, অস্ত্র ও গুলিসহ কয়েকজন ব্যক্তি বংশীতলা এলাকায় অবস্থান করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় সন্দেহভাজন দুই যুবককে আটক করে তল্লাশি চালিয়ে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
কুষ্টিয়া ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) রকিব উদ্দিন জনি বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ আরিফ ও আব্দুল্লাহকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরসহ পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে। অবৈধ অস্ত্র উদ্ধারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিবি পুলিশ