October 7, 2026, 10:12 am

পূজায় মদ্যপান করে বিশৃঙ্খলা করলে ছাড় নয়: পুলিশ সুপার

অভয়নগর প্রতিবেদক

ফেনীতে শারদীয় দুর্গাপূজায় মদ্যপান করে নাচানাচি বা বিশৃঙ্খলা করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার। মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আয়োজিত প্রস্তুতি সভায় তিনি এ কথা বলেন।
পুলিশ সুপার বলেন, ফেনী সীমান্তবর্তী জেলা হওয়ায় এখানে মদ ও হুইস্কির প্রাদুর্ভাব বেশি। পূজায় কেউ মদ্যপান করে মাতলামি বা পরিবেশ নষ্ট করলে কোনো ছাড় দেওয়া হবে না। তাদের আটক করে মেডিকেল টিমের মাধ্যমে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি জানান, অধিক গুরুত্বপূর্ণ ও শহরকেন্দ্রিক পূজামণ্ডপগুলোতে পুলিশের নজরদারি বাড়ানো হবে। প্রতিমা তৈরির সময়ও সতর্কতা অবলম্বন করা হবে। কেউ বিশৃঙ্খলা করলে সে যে-ই হোক, তাকে আইনের আওতায় আনা হবে।
সভায় জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিম বলেন, পূজায় কোনো সমস্যা দেখা দিলে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে কন্ট্রোল রুম খোলা হবে। গুজব বা অতিরঞ্জিত তথ্য ছড়ানো থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। সভায় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও পূজা উদযাপন পরিষদের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এবার ফেনী জেলায় গতবারের চেয়ে তিনটি বেড়ে মোট ১৫৩টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।



ফেসবুক কর্নার