October 7, 2026, 9:52 am

২২ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞায় দুশ্চিন্তায় রাজবাড়ীর জেলেরা

অভয়নগর প্রতিবেদক

রাজবাড়ীতে ৮ অক্টোবর থেকে শুরু হচ্ছে ২২ দিনের মা ইলিশ সংরক্ষণ অভিযান। এ সময় পদ্মা নদীতে সব ধরনের মাছ ধরা বন্ধ থাকবে। নিষেধাজ্ঞার সময় নদীতে নামা বন্ধ থাকলেও সংসারের খরচ চালানো নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন পদ্মাপাড়ের জেলেরা। তাদের অভিযোগ, বছরের পর বছর মাছ ধরলেও অনেকের সরকারি জেলে কার্ড নেই। আবার মাছ না ধরেও কেউ কেউ কার্ড পেয়েছেন।
রাজবাড়ী জেলা মৎস্য বিভাগের তথ্য অনুযায়ী, রাজবাড়ী সদর, পাংশা, কালুখালী ও গোয়ালন্দে নিবন্ধিত জেলে ১৪ হাজার ১০২ জন। এর মধ্যে ইলিশ শিকারের সঙ্গে জড়িত কার্ডধারী জেলে ৬ হাজার ৩০৪ জন। এবার ভিজিএফের চাল বরাদ্দ এসেছে ৫ হাজার ৫৯২ জনের জন্য। ফলে ৭১২ জন কার্ডধারী ইলিশ জেলে চাল সহায়তা থেকে বঞ্চিত হচ্ছেন। নিষেধাজ্ঞার আগে বরাট, মিজানপুর ও দৌলতদিয়ার জেলেরা নৌকা ও জাল মেরামতে ব্যস্ত সময় পার করছেন।
জেলে জমির হালদার, ইয়াকুব আলী, শুকচান হালদার, ইদ্রিস ব্যাপারী ও সোহেল হালদার জানান, পর্যাপ্ত সহায়তা না পাওয়ায় নিষেধাজ্ঞার সময় সংসার চালানো কঠিন। রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুব উল হক বলেন, মা ইলিশের প্রজননে ২২ দিন গুরুত্বপূর্ণ। জেলে কার্ড না পাওয়া বা অমৎস্যজীবীদের কার্ড পাওয়ার সুনির্দিষ্ট অভিযোগ পেলে যাচাই করে ব্যবস্থা নেওয়া হবে। প্রকৃত জেলেদের কার্ড দেওয়ার ব্যবস্থাও রয়েছে।



ফেসবুক কর্নার