
আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষ্যে ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত টানা তিন দিনের ছুটি ঘোষণা করেছে সরকার। তবে আগামী ১৭ অক্টোবর (শনিবার) সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস খোলা থাকবে। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-৬ শাখা থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দর, পরিচ্ছন্নতা, টেলিফোন ও ইন্টারনেট, ডাক সেবাসহ জরুরি কার্যক্রমে নিয়োজিত প্রতিষ্ঠান ও কর্মীরা ছুটির আওতার বাইরে থাকবেন। হাসপাতাল ও জরুরি চিকিৎসাসেবা, চিকিৎসক-কর্মী এবং ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহনকারী যানবাহন ও কর্মীরাও ছুটির আওতামুক্ত থাকবেন। জরুরি কাজের সঙ্গে সংশ্লিষ্ট অফিসও এ ছুটির বাইরে থাকবে।
এ ছাড়া ব্যাংকিং কার্যক্রম চালু রাখার বিষয়ে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় নির্দেশনা দেবে। আদালতের কার্যক্রমের বিষয়ে সুপ্রিম কোর্ট প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবে। বেসরকারি শিল্প প্রতিষ্ঠান, কল-কারখানা ও অন্যান্য প্রতিষ্ঠানের সাধারণ ছুটির বিষয়ে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ অনুযায়ী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় প্রয়োজনীয় নির্দেশনা দেবে।