October 7, 2026, 2:14 pm

নাগরপুরে ৫ গাঁজাগাছসহ মাদক কারবারি গ্রেপ্তার

কবির হোসেন, স্টাফ রিপোর্টার

টাঙ্গাইলের নাগরপুরে পাঁচটি গাঁজাগাছসহ মোঃ রাসেল মিয়া (৪২) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার সহবতপুর ইউনিয়নের সারাংপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রাসেল মিয়া ওই গ্রামের মৃত আব্দুল লতিফ মিয়া ওরফে লাল মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, এসআই ফারুক আহমেদের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে সারাংপুর গ্রামে মাদকবিরোধী অভিযান চালায়। অভিযানে এএসআই কাজল কুমার সূত্রধর, এএসআই মোঃ সুমন হোসেন, মোঃ কামরুল হাসান ও মোঃ লিটন হোসেনসহ অন্য সদস্যরা অংশ নেন। অভিযানকালে রাসেলের বসতবাড়ির দক্ষিণ ভিটা থেকে সতেজ অবস্থায় পাঁচটি গাঁজাগাছ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গাছগুলো মাটি থেকে উপড়ে ডালপালা ও পাতাসহ জব্দ করা হয়েছে এবং রাসেলকে গ্রেপ্তার করে থানায় নেওয়া হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও পুলিশ জানিয়েছে।



ফেসবুক কর্নার