
রাজশাহীতে পেশাদার সাংবাদিকদের ওপর হামলা, মিথ্যা মামলা ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় মহানগরীর আলুপট্টি মোড়ে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব, রাজশাহী রিপোর্টার্স ইউনিটি ও রাজশাহী রিভারসিটি প্রেসক্লাবের যৌথ উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সাংবাদিকদের পাশাপাশি সুশীল সমাজের প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
সমাবেশে বক্তারা বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন স্থানে পেশাদার সাংবাদিকদের ওপর হামলা স্বাধীন গণমাধ্যমের জন্য উদ্বেগজনক। রাজশাহী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মাসুদ রানা রাব্বানীসহ সাংবাদিকদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে বলেও অভিযোগ করেন তারা। নুরে ইসলাম মিলন, সুরুজ আলী, মাজহারুল ইসলাম চপল ও গোলাম মোস্তফা মামুনসহ অপপ্রচারকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান বক্তারা। পাশাপাশি ভুয়া পরিচয়ে সাংবাদিকতার নামে ভয়ভীতি, চাঁদাবাজি ও সুবিধা আদায়ের অভিযোগ তদন্তের আহ্বান জানান তারা।
রাজশাহী প্রেসক্লাবের বর্তমান অবস্থা নিয়েও বক্তারা বিভিন্ন অভিযোগ তুলে ধরেন। তাদের দাবি, জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে প্রেসক্লাব দখল-পাল্টা দখলের ঘটনা ঘটেছে এবং সদস্য না হয়েও গোলাম মোস্তফা মামুনকে সাধারণ সম্পাদক করা হয়েছে। তার রাজনৈতিক পরিচয় ও অনুসারীদের সাংবাদিক পরিচয় যাচাইয়ের দাবি জানানো হয়। রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিমের সভাপতিত্বে এবং রাজশাহী রিভারসিটি প্রেসক্লাবের সভাপতি মাসুদ রানা রাব্বানীর সঞ্চালনায় বক্তব্য দেন শামসুল ইসলাম, শামীমসহ স্থানীয় সাংবাদিক নেতারা।