October 7, 2026, 5:13 pm

ধর্ষণচেষ্টার মামলা মিথ্যা দাবি, নাটোরে মানববন্ধন

মনজুর রহমান

নাটোর সদর উপজেলার হালশা ইউনিয়নের সুলতানপুর এলাকায় এক গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে দায়ের করা মামলাকে মিথ্যা ও হয়রানিমূলক দাবি করে মানববন্ধন করেছেন মামলার অভিযুক্ত মোঃ মহসিন আলী (৪০) ও এলাকাবাসী। মঙ্গলবার (৭ অক্টোবর) সুলতানপুর এলাকায় আয়োজিত মানববন্ধনে স্থানীয় নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে মহসিন আলী দাবি করেন, মোঃ রিপন হোসেন (৩০) তার বিরুদ্ধে যে অভিযোগ করেছেন, তা সম্পূর্ণ মিথ্যা। তাকে পরিকল্পিতভাবে মামলায় জড়ানো হয়েছে দাবি করে মামলাটি প্রত্যাহার ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানান তিনি। স্থানীয় কয়েকজন বাসিন্দাও মামলাটিকে মিথ্যা দাবি করে নিরপেক্ষ তদন্তের আহ্বান জানান।
এর আগে ২২ সেপ্টেম্বর সুলতানপুর-ফুলসর এলাকার একটি লেবু বাগানসংলগ্ন এলাকায় ওই গৃহবধূকে পথরোধ করে শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টার অভিযোগ করেন তার স্বামী রিপন হোসেন। এ ঘটনায় তিনি নাটোর সদর থানায় মহসিন আলীর বিরুদ্ধে মামলা করেন। এজাহারে পথরোধ করে নির্জন স্থানে নিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগ করা হয়েছে। তবে মহসিন আলী এসব অভিযোগ অস্বীকার করেছেন। স্থানীয় কয়েকজনের পক্ষ থেকে ওই নারীকে নিয়ে অতীতের কিছু অভিযোগও তোলা হয়, তবে সেগুলোর স্বাধীন সত্যতা যাচাই করা হয়নি।



ফেসবুক কর্নার