
নওগাঁ সদর উপজেলার হাপানিয়া এলাকায় একটি হাসকিং মিলে বয়লার ড্রাম বিস্ফোরণে আব্দুল খালেক (৪৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। বুধবার (৭ অক্টোবর) সকাল ৮টার দিকে হাপানিয়া এলাকার হাজী রাইস মিলে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ধান সিদ্ধ করার জন্য বয়লারের চুল্লিতে আগুন দেওয়ার সময় হঠাৎ ড্রামটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। বিস্ফোরণের তীব্রতায় ড্রামটি প্রায় ২০০ মিটার দূরে গিয়ে পড়ে এবং মিলে ধোঁয়ায় অন্ধকারাচ্ছন্ন পরিস্থিতির সৃষ্টি হয়। পরে মিলের কর্মীরা ঘটনাস্থল থেকে আব্দুল খালেককে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আহত অপর ব্যক্তিকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। তবে তার পরিচয় ও বর্তমান অবস্থা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। নিহত আব্দুল খালেক হাপানিয়া এলাকার বাসিন্দা এবং ওই রাইস মিলে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। দুর্ঘটনার সঠিক কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি; সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের পর বিস্তারিত জানা যাবে।