
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় অটোভ্যান চালক মকছেদুল ইসলাম হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, পিপিএম। ৭ অক্টোবর সকালে উপজেলার ২ নম্বর সাতনালা ইউনিয়নের মানিকবাটি গ্রামে অটোভ্যান চালক মকছেদুল ইসলামের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় চিরিরবন্দর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
হত্যা মামলার তদন্তের অংশ হিসেবে বুধবার (৭ অক্টোবর) ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা। এ সময় তার সঙ্গে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোঃ আব্দুল হালিমসহ চিরিরবন্দর থানার পুলিশ সদস্যরা। পুলিশ সুপার ঘটনাস্থলের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে ঘটনার বিষয়ে বিভিন্ন তথ্য জানার চেষ্টা করেন।
পরিদর্শনকালে পুলিশ সুপার হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটন এবং ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। মামলার তদন্ত কার্যক্রম গুরুত্বের সঙ্গে পরিচালনার পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।