October 7, 2026, 4:51 pm

জলপরীর গুজবে পাঁচ দিন ভিড়, জালে উঠল সিলভার কার্প

অভয়নগর প্রতিবেদক

 

নরসিংদীর মনোহরদীতে একটি প্রায় ২০০ বছরের পুরনো পুকুরে ‘জলপরী’ দেখা যাওয়ার গুজব ছড়িয়ে পড়ায় টানা পাঁচ দিন ধরে মানুষের ভিড় জমেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওকে কেন্দ্র করে নানা কল্পকাহিনী ছড়ালেও প্রশাসনের তল্লাশিতে ‘জলপরী’র কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। মঙ্গলবার বিকেলে পুকুরে জাল ফেললে সিলভার কার্পসহ বিভিন্ন প্রজাতির মাছ উঠে আসে।

মনোহরদী উপজেলার একদরিয়া ইউনিয়নের আলালপুর গ্রামের কবির আহমেদ ভূইয়ার পারিবারিক পুকুরকে ঘিরে এ গুজবের সূত্রপাত। পুকুরের মালিক জানান, কয়েক দিন আগে সিলভার কার্প মাছ একসঙ্গে সাঁতার কাটার দৃশ্যকে কেউ কেউ ‘জলপরী’ হিসেবে প্রচার শুরু করেন। এরপর প্রতিদিন হাজার হাজার মানুষ পুকুরপাড়ে ভিড় করছেন। এতে তারা বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন এবং মাছের স্বাভাবিক পরিবেশও ব্যাহত হচ্ছে।

মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, প্রশাসনের পক্ষ থেকে জাল ফেলে তল্লাশি চালানো হলেও মাছ ছাড়া অন্য কোনো কিছুর অস্তিত্ব পাওয়া যায়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে যাচাই ছাড়া গুজব না ছড়াতে সবাইকে অনুরোধ করা হয়েছে। ইচ্ছাকৃতভাবে গুজব ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।



ফেসবুক কর্নার