October 7, 2026, 7:30 pm

বকশীগঞ্জে মাদক ও বাল্যবিবাহ রোধে শিক্ষার্থীদের আহ্বান

গোলাম মোস্তফা, বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি।

জামালপুরের বকশীগঞ্জে মাদকবিরোধী সচেতনতা ও বাল্যবিবাহ প্রতিরোধে শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ অক্টোবর) দুপুরে উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের কেবি মডেল সেসিপি উচ্চ বিদ্যালয়ে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন শিক্ষার্থীদের মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান।
ইউএনও মুরাদ হোসেন বলেন, মাদক যুব সমাজকে ধ্বংস করে, পরিবারকে বিপর্যস্ত করে এবং সমাজকে কলুষিত করে। মাদকের বিস্তার রোধে শুধু প্রশাসনের ওপর নির্ভর করলে হবে না; শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ সমাজের সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি আরও বলেন, ১৮ বছরের আগে কোনো কন্যাশিশুর বিয়ে দেওয়া যাবে না। বাল্যবিবাহ একটি দণ্ডনীয় অপরাধ এবং এটি মেয়েদের শিক্ষা ও ভবিষ্যৎকে বাধাগ্রস্ত করে।
সভায় শিক্ষার্থীদের মাদকের ভয়াবহতা, বাল্যবিবাহের কুফল ও সামাজিক ক্ষতিকর দিকগুলো তুলে ধরা হয়। একই সঙ্গে নিজেদের সচেতন হওয়ার পাশাপাশি পরিবার ও আশপাশের মানুষকে এসব সামাজিক ব্যাধির বিরুদ্ধে সচেতন করতে শিক্ষার্থীদের আহ্বান জানানো হয়। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এইচ কবির, সহকারী প্রধান শিক্ষক মো. বেলাল হোসেন, সহকারী শিক্ষক (আইসিটি) শাহ আলম কিরণ, সহকারী শিক্ষক (গণিত) মো. মোখলেছুর রহমানসহ শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।



ফেসবুক কর্নার