October 7, 2026, 8:34 pm

তীব্র এলপিজি সংকট, অর্ধেকের কম সরবরাহ

জাফর আহমেদ কুড়িগ্রাম প্রতিনিধ

উত্তর জনপদের সীমান্তবর্তী জেলা কুড়িগ্রামে এক মাস ধরে তীব্র এলপিজি (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) সংকট চলছে। চাহিদার তুলনায় অর্ধেকেরও কম সরবরাহ থাকায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ, গৃহিণী ও ব্যবসায়ীরা। স্বনামধন্য বিভিন্ন ব্র্যান্ডের সিলিন্ডার বাজারে না থাকায় সংকট আরও তীব্র হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। খুচরা ও পাইকারি ব্যবসায়ীদের তথ্য অনুযায়ী, বেক্সিমকো ও বসুন্ধরা ব্র্যান্ডের সিলিন্ডার প্রায় তিন মাস ধরে পাওয়া যাচ্ছে না। গত এক সপ্তাহ ধরে ওমেরা ব্র্যান্ডের সরবরাহও চাহিদার তুলনায় কম।
সংশ্লিষ্ট সূত্র ও ডিলারদের তথ্য অনুযায়ী, জেলায় প্রতি মাসে এলপিজি সিলিন্ডারের চাহিদা প্রায় ৩৫ হাজার পিস। বিপরীতে বর্তমানে সরবরাহ হচ্ছে মাত্র ১৫ হাজার পিস। ফলে প্রতি মাসে প্রায় ২০ হাজার পিস সিলিন্ডারের ঘাটতি থাকছে। কয়েকটি দোকানে আইবিএম, যমুনা ও পেট্রোম্যাক্সের মতো তুলনামূলক কম পরিচিত ব্র্যান্ডের সিলিন্ডার পাওয়া গেলেও সেগুলো কিনতে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দাম দিতে হচ্ছে বলে অভিযোগ করেছেন ক্রেতারা।
ব্যবসায়ীদের ভাষ্য, সরবরাহ কমে যাওয়ায় বাজারে স্বাভাবিকভাবেই সংকট তৈরি হয়েছে। তবে ভুক্তভোগীদের অভিযোগ, সংকটের সুযোগ নিয়ে কিছু ব্যবসায়ী অতিরিক্ত দামে সিলিন্ডার বিক্রি করছেন। সাধারণ মানুষ ও সচেতন মহল দ্রুত এলপিজি সরবরাহ স্বাভাবিক করার পাশাপাশি নির্ধারিত মূল্যে সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে বাজার মনিটরিং জোরদারের দাবি জানিয়েছেন। কৃত্রিম সংকট তৈরি বা অতিরিক্ত দামে বিক্রির সঙ্গে কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।



ফেসবুক কর্নার