October 7, 2026, 7:30 pm

খুলনায় সাব-রেজিস্ট্রারকে তুলে নেওয়ার অভিযোগ

শেখ নাসির উদ্দীন, খুলনা
????????????

 

খুলনা নগরীর কেডি ঘোষ রোডে সদর সাব-রেজিস্ট্রার কার্যালয় থেকে তন্ময় কুমার মন্ডলকে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। বুধবার (৭ অক্টোবর) দুপুরে খুলনা সদর থানা থেকে প্রায় ৫০ গজ দূরে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কয়েকজন মুখোশধারী ব্যক্তি অস্ত্রের ভয় দেখিয়ে তাকে কার্যালয় থেকে বাইরে নিয়ে যান। পরে মোটরসাইকেল ও রিকশাযোগে তাকে জেলখানা ঘাট এলাকার দিকে নেওয়া হয় বলে অভিযোগ।

কার্যালয়ের সিসিটিভি ফুটেজে তন্ময়কে একটি রিকশায় নেওয়ার দৃশ্য দেখা গেছে। রিকশায় থাকা এক ব্যক্তি তার দিকে পিস্তল তাক করে ছিলেন বলে ফুটেজে দেখা যায়। রিকশার সামনে ও পেছনে মোটরসাইকেলে কয়েকজনকে এবং পেছনে আরেক মুখোশধারীকে দৌড়াতে দেখা যায়। ঘটনার প্রায় আধা ঘণ্টা পর তন্ময় নিজেই কার্যালয়ে ফিরে আসেন। তবে তিনি সাংবাদিকদের কাছে অপহরণের বিষয়টি অস্বীকার করে জানান, কয়েকজন তাকে সমস্যার কথা বলে রিকশায় করে নদীর ঘাটে নিয়ে গিয়েছিলেন।

খুলনা সদর থানার এসআই জামাল উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সিসিটিভি ফুটেজে তাকে রিকশায় নিয়ে যাওয়ার দৃশ্য দেখা যায় এবং কিছুক্ষণ পর তিনি ফিরে আসেন। ওসি লোকমান হোসেন রিপন বলেন, কাগজপত্র দেখানোর কথা বলে তন্ময়কে তার ইচ্ছার বিরুদ্ধে খুলনা নিউমার্কেট এলাকায় নেওয়া হয়েছিল; পরে তাকে ছেড়ে দেওয়া হয়। বিষয়টি রহস্যজনক হওয়ায় অনুসন্ধান চলছে। বিকেল ৫টা পর্যন্ত কার্যালয়ে থাকার পর পরিবারের সদস্যরা তাকে বাসায় নিয়ে যান।



ফেসবুক কর্নার