
সড়কে আইনবহির্ভূত কর্মকাণ্ড ও চাঁদাবাজি নিয়ন্ত্রণে সদ্য গঠিত সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নতুন কমিটি কার্যকর ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে বিএনপি নেতা নাজিম উদ্দীনের নেতৃত্বাধীন নতুন কমিটির সদস্যদের নিয়ে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি।
পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রিজভী বলেন, নতুন নতুন আইডিয়ার মাধ্যমে পরিবহন খাত ঢেলে সাজানো হবে। দীর্ঘদিনের অচলাবস্থার অবসান ঘটিয়ে এ খাতকে আইনসঙ্গত করা এবং যাত্রীসেবায় নতুন দৃষ্টান্ত স্থাপনের উদ্যোগ নেওয়া হবে। তিনি বলেন, সড়ক পরিবহন খাতকে ঘিরে যে কথিত মাফিয়াভিত্তিক নিয়ন্ত্রণ রয়েছে, তা দূর করতে কার্যকর উদ্যোগ প্রয়োজন।
রিজভী আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্ব পরিবহন খাতে পরিবর্তন আনতে কাজ করবে। একই সঙ্গে শ্রমিকদের স্বার্থ রক্ষা ও সাধারণ যাত্রীদের সেবার মান উন্নয়নেও নতুন কমিটি ভূমিকা রাখবে। রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, রাজনৈতিক বিশৃঙ্খলা ঠেকাতে রাজনীতিবিদরা দায়িত্বে এলে ১৭ বছরের নৈরাজ্য বন্ধ হবে।