October 8, 2026, 10:16 am

নিরাপদ পানি নিশ্চিত করতে ২.১ বিলিয়ন ডলারের পরিকল্পনা

অভয়নগর প্রতিবেদক

দেশের ১৮ কোটি মানুষের জন্য নিরাপদ পানি নিশ্চিত করতে বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থার সঙ্গে সমন্বিতভাবে প্রায় ২ দশমিক ১ বিলিয়ন মার্কিন ডলারের প্রকল্প নিয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সচিবালয়ে ইউনিসেফের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, কীভাবে দেশের ১৮ কোটি মানুষের কাছে নিরাপদ পানি পৌঁছে দেওয়া যায়, তা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। পানি মানুষের জীবনের জন্য অপরিহার্য হলেও দূষিত ও জীবাণুযুক্ত পানি মৃত্যুর কারণ হতে পারে। তিনি জানান, নদীগুলো শুকিয়ে যাওয়া এবং উজানে পানি প্রত্যাহারের কারণে উত্তরের জেলাগুলোতে মরুকরণ পরিস্থিতি তৈরি হচ্ছে। অন্যদিকে নদীর পানিপ্রবাহ কমে যাওয়ায় দক্ষিণাঞ্চলে সমুদ্রের লবণাক্ত পানি উজানের দিকে উঠে গিয়ে পানীয় জলের সংকট সৃষ্টি করছে।
ড. আবদুল মঈন খান বলেন, এসব বিষয় বিবেচনায় মানুষের কাছে সুপেয় পানি পৌঁছে দেওয়াই সরকারের অন্যতম দায়িত্ব। এ লক্ষ্যে জাতিসংঘসহ বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থার সঙ্গে সমন্বিতভাবে কাজ করার পরিকল্পনা নেওয়া হচ্ছে। বৈঠকে বিশ্বব্যাংক, ওয়াটারএইড ও ইউনিসেফের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। বিভিন্ন সংস্থাকে সমন্বয় করে আলোচ্য প্রকল্পের অর্থায়ন নিয়ে কাজ চলছে। সব সংস্থা মিলিয়ে প্রকল্পটির সম্ভাব্য অর্থের পরিমাণ প্রায় ২ দশমিক ১ বিলিয়ন মার্কিন ডলার, যা প্রায় ২৫ হাজার কোটি টাকার সমপরিমাণ।



ফেসবুক কর্নার