October 8, 2026, 5:39 pm

আওয়ামী লীগ দিল্লির এক্সটেনশন হয়ে দেশ শোষণ করেছে: আখতার

অভয়নগর প্রতিবেদক

আওয়ামী লীগ দিল্লির এক্সটেনশন হিসেবে বাংলাদেশকে শোষণ করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার অডিটোরিয়ামে শহীদ আবরার ফাহাদের সপ্তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ‘আবরার ফাহাদ : দিল্লির আধিপত্যবাদ প্রসঙ্গ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
আখতার হোসেন বলেন, বাংলাদেশের নদী, পানি ও ন্যায্য হিস্যা নিয়ে আবরার ফাহাদ তার ফেসবুক স্ট্যাটাসে যৌক্তিক প্রশ্ন তুলেছিলেন। এ কারণে তাকে নির্যাতন করে হত্যা করা হয় বলে উল্লেখ করে তিনি আবরারকে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হিসেবে অভিহিত করেন। তার দাবি, গত ১৭ বছরের রাজনীতি দিল্লির আধিপত্যের প্রভাবে পরিচালিত হয়েছে এবং আওয়ামী লীগ ক্ষমতায় থেকে দিল্লির স্বার্থে বাংলাদেশকে শোষণ করেছে।
তিনি আরও বলেন, পশ্চিমবঙ্গ ও আসামে বাংলাভাষী ও মুসলমানদের নাগরিকত্বহীন করার অভিযোগ রয়েছে। এ ধরনের মানুষকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা চলছে বলেও দাবি করেন তিনি। এ বিষয়ে বাংলাদেশকে সতর্ক থাকার পাশাপাশি আন্তর্জাতিক মহলকে ভূমিকা রাখার আহ্বান জানান আখতার। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও ন্যায়বিচার সুরক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার এবং আধিপত্যবাদবিরোধী আন্দোলনের শহীদদের আদর্শ ধারণের আহ্বান জানান তিনি।



ফেসবুক কর্নার