
তুরস্কের পার্লামেন্টের স্পিকার ড. নুমান কুরতুলমুশের সঙ্গে বৈঠক করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (৮ অক্টোবর) অনুষ্ঠিত বৈঠকে তুরস্ক পার্লামেন্টের বাংলাদেশ ফ্রেন্ডশিপ গ্রুপের চেয়ারম্যান আকিফ ইলমাজ এমপিসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। বৈঠকে বাংলাদেশ-তুরস্কের দ্বিপক্ষীয় সম্পর্ক, গণতান্ত্রিক অগ্রযাত্রা, সংসদীয় গণতন্ত্রে জামায়াতের ভূমিকা ও রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা হয়।
বৈঠকে নুমান কুরতুলমুশ বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় নতুন যাত্রার জন্য অভিনন্দন জানান এবং এতে জামায়াতে ইসলামীর ভূমিকার প্রশংসা করেন। শফিকুর রহমান বাংলাদেশের সাম্প্রতিক গণতান্ত্রিক অগ্রযাত্রা ও সংসদীয় গণতন্ত্র শক্তিশালী করার বিষয়ে তাকে অবহিত করেন। একই সঙ্গে রোহিঙ্গা সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতার প্রয়োজনীয়তা তুলে ধরে রোহিঙ্গাদের জন্য তুরস্কের সহযোগিতা ও মানবিক ভূমিকার জন্য কৃতজ্ঞতা জানান। এ সময় তুরস্কের প্রেসিডেন্টের উদ্দেশে লেখা একটি চিঠি স্পিকারের কাছে হস্তান্তর করেন তিনি।
দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার ওপর গুরুত্বারোপের পাশাপাশি বাংলাদেশে তুরস্কের বিনিয়োগ বৃদ্ধি এবং অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা সম্প্রসারণের আহ্বান জানান শফিকুর রহমান। বৈঠকে অর্থনীতি, সংসদ, শিক্ষা, প্রযুক্তি, শিল্প-সাহিত্য ও মানবিক ক্ষেত্রে পিপল-টু-পিপল সম্পর্ক আরও জোরদারের আশাবাদ ব্যক্ত করা হয়। তার সঙ্গে ছিলেন গাজীপুর সিটি করপোরেশনের জামায়াত মনোনীত মেয়র প্রার্থী ড. হাফিজুর রহমান ও চিকিৎসক এসএম খালিদুজ্জামান।