
চীনের বিরোধিতা উপেক্ষা করে যুক্তরাষ্ট্রের তৈরি চিনুক হেলিকপ্টারের নিচে বিশাল জাতীয় পতাকা ঝুলিয়ে তাইওয়ানের রাজধানী তাইপের আকাশে উড়িয়েছে দেশটির সেনাবাহিনী। ১০ অক্টোবর জাতীয় দিবসের অনুষ্ঠানে এটি ছিল অন্যতম আকর্ষণীয় দৃশ্য। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ২০১৯ সাল থেকে প্রতিবছর এ আয়োজন করা হচ্ছে। চীনের চাপের মুখে তাইওয়ানের মানুষের মধ্যে জাতীয় ঐক্য জোরদার করাও এর অন্যতম লক্ষ্য। চিনুক সিএইচ-৪৭এসডি মডেলের হেলিকপ্টারটি প্রেসিডেন্টের কার্যালয়ের ওপর দিয়ে উড়ে যাওয়ার সময় এর নিচে ঝুলছিল ১৮ মিটার লম্বা ও ১২ মিটার চওড়া পতাকা। এ সময় জাতীয় সংগীতও গাওয়া হয়।
গণতান্ত্রিকভাবে পরিচালিত তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করে চীন। আন্তর্জাতিক অঙ্গনে তাইওয়ানের যোগাযোগ সীমিত করা এবং বিভিন্ন ক্রীড়া আসরে দেশটির জাতীয় পতাকা প্রদর্শনে বাধা দেওয়ার চেষ্টা দীর্ঘদিনের। অলিম্পিকের মতো প্রতিযোগিতায় তাইওয়ানকে ‘চীনা তাইপে’ নামে অংশ নিতে হয় এবং জাতীয় পতাকার পরিবর্তে ব্যবহার করতে হয় আলাদা প্রতীক। তাইওয়ানের জাতীয় দিবসের অনুষ্ঠানের আগে শনিবার সকাল সাড়ে ১০টায় প্রেসিডেন্ট লাই চিং-তের গুরুত্বপূর্ণ ভাষণ দেওয়ার কথা রয়েছে। এতে সরকারের নীতিগত লক্ষ্য ও চীনের সঙ্গে সম্পর্ক নিয়ে বক্তব্য দেওয়ার কথা রয়েছে। এ আয়োজন নিয়ে মন্তব্য জানতে চেয়ে রয়টার্স চীনের তাইওয়ানবিষয়ক দপ্তরের সঙ্গে যোগাযোগ করলেও কোনো জবাব পায়নি।