
ইউক্রেনের দনবাস অঞ্চলের দোনেৎস্কের ক্রামাতোর্সকে দুটি যাত্রীবাহী বাসে রুশ সেনাদের বোমা হামলায় ৩৩ জন নিহত ও ১৮ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) উদ্ধারকারীরা এ তথ্য জানিয়েছেন। দোনেৎস্কের আঞ্চলিক প্রধান ভাদইয়াম ফিলাসকিন অভিযোগ করেছেন, বেসামরিক যাত্রীদের লক্ষ্য করেই হামলা চালানো হয়েছে।
স্থানীয় প্রসিকিউটরদের প্রকাশিত ছবিতে হামলার পর বাস দুটিকে আগুনে পুড়ে ধ্বংস হয়ে যেতে দেখা গেছে। উদ্ধারকারীরা জানিয়েছেন, দুটি বাসেই যাত্রী ছিলেন। হামলার বিষয়ে রাশিয়ার পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি। বিবিসি জানিয়েছে, সাম্প্রতিক দিনগুলোতে ইউক্রেনের বেসামরিক স্থাপনায় রুশ হামলার ঘটনা বেড়েছে।
রাশিয়ার সেনারা ক্রামাতোর্সক ও পার্শ্ববর্তী স্লোভায়ান্সক দখলের চেষ্টা করছে। এর মাধ্যমে পুরো দনবাস নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা চলছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। দনবাসের প্রধান দুই অঞ্চল লুহানস্ক ও দোনেৎস্কের মধ্যে লুহানস্কের নিয়ন্ত্রণ রাশিয়ার হাতে রয়েছে। দোনেৎস্কের প্রায় ৮০ শতাংশ এলাকাও রুশ নিয়ন্ত্রণে বলে উল্লেখ করা হয়েছে।