October 17, 2026, 10:14 am

বিদ্যুৎ সংকট নিয়ে রুমিনের কটাক্ষ, ‘টুকু তো আর আসে না’

অভয়নগর প্রতিবেদক

 

দেশে চাঁদাবাজি, বিদ্যুৎ ও গ্যাস সংকট, নিত্যপণ্যের ঊর্ধ্বগতি এবং কর্মসংস্থান পরিস্থিতি নিয়ে সরকারের সমালোচনা করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের জয়দরকান্দি গ্রামের ১ ও ২ নম্বর ওয়ার্ডের নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, দেশে গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়। নিজ এলাকায় চাঁদাবাজি হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে রাজপথে নামার হুঁশিয়ারিও দেন তিনি।

চাঁদাবাজির পাশাপাশি বিদ্যুৎ ও গ্যাস সংকট এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন রুমিন ফারহানা। তিনি বলেন, ৮০-৯০ টাকা কেজির নিচে সবজি পাওয়া যাচ্ছে না এবং ঢাকা শহরে একটি ডিমের দাম ১৫ টাকা। বিদ্যুৎ সংকট নিয়ে কটাক্ষ করে তিনি বলেন, ‘এত বলি, টুকু কই? টুকু তো আর আসে না।’ তাঁর অভিযোগ, বিদ্যুৎ মাঝেমধ্যে এলেও ঘরে থাকে না। বাড়িতে গ্যাস না থাকার কথা উল্লেখ করে তিনি জানান, ১ হাজার ৮০০ টাকার সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৫০০ থেকে ২ হাজার ৭০০ টাকায় পৌঁছেছে।

কর্মসংস্থানের প্রতিশ্রুতি নিয়েও প্রশ্ন তোলেন এই সংসদ সদস্য। এক কোটি মানুষের কর্মসংস্থানের পরিকল্পনার প্রভাব নিয়ে সমালোচনা করে তিনি গাজীপুর, আশুলিয়া ও সাভারে কারখানা বন্ধ এবং শ্রমিকদের চাকরি হারানোর বিষয়টি খতিয়ে দেখার আহ্বান জানান। তিনি আরও বলেন, নিজের কোনো আত্মীয়কে সারের ডিলারশিপ বা রাস্তার ঠিকাদারি দেওয়ার প্রয়োজন নেই। তাঁর কোনো কর্মীর বিরুদ্ধে অভিযোগ থাকলে পরিচয় গোপন রেখে লিখিতভাবে জানাতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান। মতবিনিময় সভায় পাকশিমুল ইউনিয়নের বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।



ফেসবুক কর্নার