October 17, 2026, 2:08 am

বৈষম্যহীন বাংলাদেশ গড়তে রুকনদের ভূমিকা পালনের আহ্বান

আনোয়ার হোসাইন

 

বৈষম্যহীন ও ইনসাফভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠায় রুকনদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি। শুক্রবার (১৬ অক্টোবর) সকালে গাজীপুর মহানগরী জামায়াতের উদ্যোগে টঙ্গীর শহীদ আব্দুল মালেক মিলনায়তনে আয়োজিত ২০২৬ সালের রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। সম্মেলনে সভাপতিত্ব করেন মহানগরী জামায়াতের আমির অধ্যাপক মুহা. জামাল উদ্দিন।

বক্তব্যে ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, দেশে দুর্নীতি, অনিয়ম, দলীয়করণ ও বৈষম্য বেড়েছে। তাঁর দাবি, গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়ন না করায় জনগণের প্রত্যাশা পূরণ হচ্ছে না। তিনি রুকনদের পবিত্র কুরআনের আদর্শ অনুসরণ, আত্মসংযম, পরিবারকে ইসলামী মূল্যবোধে গড়ে তোলা এবং মানুষের সঙ্গে উত্তম আচরণের মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান।

তিনি আরও বলেন, গাজীপুর শিল্প ও ব্যবসার জন্য গুরুত্বপূর্ণ এলাকা। আগামী স্থানীয় নির্বাচনে জামায়াতের বিজয় অর্জনে নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা রাখতে হবে। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। শুরুতে দারসুল কুরআন পেশ করেন সংগঠনের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। পরে দেশীয় সাহিত্য-সাংস্কৃতিক সংসদের শিল্পীরা ইসলামী সংগীত পরিবেশন করেন।



ফেসবুক কর্নার