October 17, 2026, 10:13 am

এক লুটেরার হাত থেকে অন্য লুটেরার হাতে ক্ষমতা গেছে’

অভয়নগর প্রতিবেদক

 

বর্তমান সরকার বিচার ও শিক্ষা বিভাগে অনিয়ম, দুর্নীতি ও দলীয়করণের মাধ্যমে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের পথেই হাঁটছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। শুক্রবার (১৬ অক্টোবর) সকালে গাজীপুর মহানগর জামায়াতের উদ্যোগে টঙ্গীর শহীদ আবদুল মালেক মিলনায়তনে আয়োজিত ২০২৬ সালের রুকন সম্মেলনে তিনি বলেন, এভাবে চলতে থাকলে বর্তমান সরকারের পরিণতিও শেখ হাসিনার সরকারের মতো হতে পারে। তাঁর ভাষায়, ‘মনে হচ্ছে, এক লুটেরার হাত থেকে অন্য লুটেরার হাতে ক্ষমতা গেছে।’

শফিকুর রহমান বলেন, দেশে এখনো মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠিত হয়নি। গণভোট অস্বীকার এবং জুলাই সনদ বাস্তবায়ন না করার পরিণতি ভয়াবহ হতে পারে। তাঁর অভিযোগ, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর শোষণমুক্ত, বৈষম্যহীন ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার যে প্রত্যাশা তৈরি হয়েছিল, বর্তমান সরকার তা পূরণ না করে বৈষম্যের নতুন মাত্রা যোগ করছে। শিক্ষাঙ্গনে দলীয়করণ, লুটপাট এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে ভাগ বসানোর ঘটনাও ঘটছে বলে দাবি করেন তিনি।

আগামী স্থানীয় সরকার নির্বাচনে পূর্ণ শক্তি নিয়ে কাজ করে বিজয় অর্জনের আহ্বান জানান জামায়াত আমির। তিনি অভিযোগ করেন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোতে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের পরিবর্তে ক্ষমতাসীন বিএনপির পছন্দের লোকদের বসানো হচ্ছে। ফলে দেশে কার্যত দুই ধরনের সরকারব্যবস্থা চলছে—একটি জনগণের ভোটের ভিত্তিতে, অন্যটি বিএনপির পছন্দে। তাঁর দাবি, পছন্দের লোক বসিয়ে সিন্ডিকেট তৈরির মাধ্যমে স্থানীয় সরকারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও করপোরেশনে লুটপাটের রাজত্ব কায়েম করা হচ্ছে।



ফেসবুক কর্নার