
ইস্ট বেঙ্গল রেজিমেন্ট পাকিস্তানের আধিপত্যবাদের বিরুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ শুরু করেছিল বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেন, “ইস্ট বেঙ্গল রেজিমেন্ট যদি পাকিস্তানের বিরুদ্ধে সেই প্রতিরোধ শুরু না করত, তাহলে এ দেশ এখনো পাকিস্তানই থাকত।” শনিবার (১৭ অক্টোবর) রাজধানীর এসকেএস টাওয়ারে ১ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ‘সিনিয়র টাইগার্সের অবসরপ্রাপ্ত সদস্যদের পুনর্মিলনী-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্পিকার বলেন, ১৯৪৮ সালে গঠিত ইস্ট বেঙ্গল রেজিমেন্ট বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে গৌরবময় নাম। ১৯৬৫ সালের পাক-ভারত যুদ্ধ ও মহান মুক্তিযুদ্ধে অবদানের জন্য এ রেজিমেন্ট সর্বাধিক বীরত্বসূচক সাহসিকতার পুরস্কার লাভ করে। তাঁর ভাষায়, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ছিল পুরো জাতির যুদ্ধ, যেখানে শ্রেণি-পেশা নির্বিশেষে সাধারণ মানুষ অংশ নিয়েছিল। তিনি আরও বলেন, ১ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে প্রথম বিদ্রোহ ঘোষণা করে এবং বাঙালির অস্তিত্ব রক্ষার লড়াইয়ে সামনে থেকে নেতৃত্ব দেয়।
অনুষ্ঠানে নিজের সামরিক জীবনের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন স্পিকার। মুক্তিযুদ্ধের সম্মুখসমরে সাহসিকতার সঙ্গে অংশ নেওয়ার অভিজ্ঞতাও তুলে ধরেন তিনি। বক্তব্য শেষে রেজিমেন্টের ইতিহাস ও মুক্তিযুদ্ধে এর ভূমিকা নিয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। পরে সিনিয়র টাইগার্সদের পক্ষ থেকে স্পিকারকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়। অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত সেনাসদস্য, ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা, বিশিষ্ট অতিথি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।