October 18, 2026, 1:05 pm

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, রাষ্ট্রদূতকে তলব

অভয়নগর প্রতিবেদক

 

সৌদি আরবে দুই বাংলাদেশি প্রবাসীর মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় দেশটির রাষ্ট্রদূতকে তলব করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। রোববার (১৮ অক্টোবর) মন্ত্রণালয়ে তাঁকে তলব করে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর ও এ-সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে চাওয়া হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানান, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের আদেশ সম্পর্কে সরকার আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য পায়নি। সৌদি আরবে বাংলাদেশ মিশনের শ্রম উইং থেকে পাওয়া তথ্য অনুযায়ী, মক্কার একটি মসজিদের অভ্যন্তরে ব্যভিচারে লিপ্ত থাকার অভিযোগে সৌদি আইনে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানতে সৌদি আরবকে চিঠি দিয়েছে বাংলাদেশ সরকার।

প্রতিমন্ত্রী বলেন, সৌদি আরবের জবাব পাওয়ার পর মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশির মরদেহ দেশে ফিরিয়ে আনার বিষয়ে প্রয়োজনীয় তথ্য জানা যাবে। সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) গত বুধবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর নিশ্চিত করে। তাঁরা হলেন নজরুল ইসলাম ও সুইটি আখতার। তবে তাঁদের বিরুদ্ধে মামলার বিস্তারিত তথ্য ও মৃত্যুদণ্ড কার্যকরের প্রেক্ষাপট সম্পর্কে বাংলাদেশের সরকার আনুষ্ঠানিক তথ্যের অপেক্ষায় রয়েছে।



ফেসবুক কর্নার