October 18, 2026, 1:21 pm

প্রেমের টানে চীন থেকে মাদারীপুরে এলেন যুবক

লিটন, মাদারীপুর প্রতিনিধি

 

চার মাসের অনলাইন পরিচয়ের সূত্র ধরে চীন থেকে বাংলাদেশের মাদারীপুরে প্রেমিকার বাড়িতে এসেছেন চীনা যুবক ওয়াং এরলিং (Wang Erling)। তিনি চীনের হেনান প্রদেশের বাসিন্দা। গত ১৬ অক্টোবর মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের চাপাতলী গ্রামে প্রেমিকা হাফিজা আক্তারের বাড়িতে পৌঁছান তিনি। এ ঘটনায় তাঁকে একনজর দেখতে স্থানীয়দের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।

পারিবারিক সূত্রে জানা যায়, কৃষক মোস্তফা ব্যাপারীর কলেজপড়ুয়া মেয়ে হাফিজা আক্তারের সঙ্গে চার মাস আগে ‘ওয়ার্ল্ড টক’ অ্যাপের মাধ্যমে ওয়াং এরলিংয়ের পরিচয় হয়। নিয়মিত কথোপকথনের একপর্যায়ে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ১৫ অক্টোবর চীন থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর প্রেমিকার আত্মীয়স্বজনের মাধ্যমে তিনি প্রথমে হাফিজার বোনের বাসায় যান। পরে তাঁকে মাদারীপুরে হাফিজাদের বাড়িতে নিয়ে আসা হয়।

হাফিজা জানান, ওয়াং এরলিং তাঁকে বিয়ে করে চীনে নিয়ে যেতে চান। তবে তাঁর পরিচয় ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাইয়ের পরই বিয়ের সিদ্ধান্ত চূড়ান্ত করবেন তিনি। ওয়াং এরলিংও হাফিজাকে বিয়ে করে নিজ দেশে নিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। হাফিজার বাবা মোস্তফা ব্যাপারী জানান, নিয়মকানুন ও সামাজিকতা মেনেই বিয়ের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এদিকে, আইনগত ও নিরাপত্তার বিষয় বিবেচনায় ওয়াং এরলিংয়ের পরিচয় ও কাগজপত্র যাচাই করছে স্থানীয় পুলিশ।



ফেসবুক কর্নার