October 18, 2026, 12:38 pm

সাত মাসে ১৭ বার জাতির সঙ্গে প্রতারণা করেছে বিএনপি: হাসনাত

অভয়নগর প্রতিবেদক

 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেছেন, জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের প্রতিশ্রুতি দিলেও গত সাত মাসে ১৭ বার জাতির সঙ্গে প্রতারণা করেছে বিএনপি। রোববার (১৮ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আমার বাংলাদেশ (এবি) পার্টি আয়োজিত ‘জুলাই সনদের এক বছর সালতামামি’ শীর্ষক মুক্ত আলোচনায় তিনি এ মন্তব্য করেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, বিএনপি প্রতিদিন একটি করে প্রতিশ্রুতি ভাঙছে। এরপরও দলটি জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের ঘোষণা দিচ্ছে। তাঁর দাবি, ইতোমধ্যে সনদের ১৭টি ধারা লঙ্ঘন করেছে বিএনপি। তিনি বলেন, জনগণ গণভোটের মাধ্যমে ৩০০ সংসদ সদস্যকে ১৮০ দিনের জন্য সংস্কারের ক্ষমতা দিয়েছিল। কিন্তু গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনের ফলাফলের অর্ধেক বিএনপি সরকার মেনেছে, বাকি অংশ মানেনি।

আওয়ামী লীগ সরকারের আমলের বিতর্কিত নির্বাচনের প্রসঙ্গ টেনে এনসিপির এই নেতা বলেন, বিএনপি এখন একই কায়দায় নিজেদের পক্ষে গেলে সিদ্ধান্ত মানছে, অন্যথায় মানছে না। তাঁর অভিযোগ, গণভোটের ফল না মেনে সরকারি দলের সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের শপথ নেননি। এতে জুলাই সনদ কার্যকারিতা হারিয়েছে বলে মন্তব্য করেন তিনি। এরপরও সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়ে বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে বলে দাবি করেন হাসনাত আবদুল্লাহ।



ফেসবুক কর্নার