October 18, 2026, 1:21 pm

কুড়িগ্রামে ভুয়া ডিবি পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ১

জাফর আহমদ, কুড়িগ্রাম জেলা সংবাদদাতা

 

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিচয়ে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগে মমিনুল ইসলাম (২৯) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৭ অক্টোবর) রাতে উপজেলার বাগভান্ডার এলাকার সোনাতলী থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। রোববার (১৮ অক্টোবর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় কুড়িগ্রাম জেলা পুলিশ। মমিনুল ওই এলাকার শফিকুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, মমিনুল দীর্ঘদিন ধরে ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণা করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে। মাদক মামলা কিংবা নারী ও শিশু নির্যাতন মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে তিনি সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আদায়ের চেষ্টা করতেন। তাঁর বিরুদ্ধে ভূরুঙ্গামারী থানায় একটি চুরির মামলাও রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সম্প্রতি ডিবি পুলিশ পরিচয়ে ভয়ভীতি দেখিয়ে এক বৃদ্ধের কাছ থেকে অর্থ আদায়ের চেষ্টার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশের পরিচয় ব্যবহার করে প্রতারণা ও সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শনের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।



ফেসবুক কর্নার