October 19, 2026, 9:53 am

লালন আখড়াবাড়িতে টাইম বোমা উদ্ধার, জোরদার নিরাপত্তা

অভয়নগর প্রতিবেদক

 

কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় বাউলসম্রাট ফকির লালন সাঁইয়ের আখড়াবাড়ি প্রাঙ্গণ থেকে একটি টাইম বোমা ও দুই লিটার পেট্রল উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৯ অক্টোবর) সকালে ঢাকা থেকে আসা পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ দল বোমাটি নিষ্ক্রিয় করে। এ ঘটনায় আখড়াবাড়ি ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (১৮ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে আখড়াবাড়ির ভেতরে সাদা ব্যাগে মোড়ানো সন্দেহজনক বস্তু দেখতে পান সংশ্লিষ্টরা। খবর পেয়ে পুলিশ নিরাপত্তামূলক ব্যবস্থা নেয় এবং সেখানে অবস্থানরত সাধু-ফকিরদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। পরে সোমবার সকালে ঢাকা থেকে আসা বোমা নিষ্ক্রিয়করণ দল ব্যাগটি তল্লাশি করে একটি টাইম বোমা ও দুই লিটার পেট্রল উদ্ধার করে। এরপর বোমাটি নিষ্ক্রিয় করা হয়।

ঘটনার পর আখড়াবাড়ি প্রাঙ্গণে সাধু, ভক্ত ও সাধারণ দর্শনার্থীদের প্রবেশ সীমিত করা হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে মাজার ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। কুমারখালীর ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাভিদ সরোয়ার বোমা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে পুলিশ বিস্তারিত জানাতে পারবে। কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, বোমাটি নিষ্ক্রিয় করা হয়েছে এবং বর্তমানে মাজার এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কারা, কী উদ্দেশ্যে এসব বস্তু সেখানে রেখেছে, তা খতিয়ে দেখছে পুলিশ।



ফেসবুক কর্নার