
ঢাকা সিটি নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। পদত্যাগ ইস্যুতে রোববার রাতে প্রবাসী সাংবাদিক নাজমুস সাকিবকে অডিও কলে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। গুলির ঘটনা প্রসঙ্গে ইশরাক বলেন, ‘আমি তো কারও জমি দখল করতে যাইনি, কারও কাছ থেকে চাঁদা নিতে যাইনি। তো সমস্যা কোথায়?’ ওই দিন ঘটনাস্থলে ছাদ থেকে দুটি গুলি ছোড়া হয়েছিল দাবি করে তিনি জানান, ২৫ থেকে ৩০ জনকে একসঙ্গে বেরিয়ে আসতে দেখে নিরাপত্তাকর্মীদের চিৎকারে অস্ত্র বের করার আশঙ্কা করেছিলেন। এ কারণে কোমর থেকে পিস্তল বের করেন।
প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের বিষয়ে ইশরাক বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। ঢাকায় দল তাঁকে কাজ করার সুযোগ দেবে বলেও আশা প্রকাশ করেন তিনি। জাতীয় পর্যায়ে যেন তাঁর কারণে কোনো বিঘ্ন সৃষ্টি না হয়, সেটিও বিবেচনায় নিয়েছেন বলে জানান। ঢাকা নগর ব্যবস্থাপনা প্রসঙ্গে তিনি বলেন, সিটি করপোরেশনের অধীনে আটটি মন্ত্রণালয়ের ৪০টির বেশি প্রতিষ্ঠান কাজ করে। তাই নগরীর সমস্যা সমাধানে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। ঢাকার বিভিন্ন সমস্যা নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন বলেও দাবি করেন তিনি।
এর আগে শনিবার গেন্ডারিয়া থানার ৪৫ নম্বর ওয়ার্ডে রেললাইনের পাশের একটি মাঠের কোণে পলিথিনের ছাউনির ঘরে মাদকবিরোধী অভিযান চালান ইশরাক ও তাঁর সহযোগীরা। ছড়িয়ে পড়া ভিডিওতে তাঁকে অস্ত্র হাতে লোকজনকে তাড়া করতে দেখা যায়। পরে সমালোচনার মুখে তিনি দাবি করেন, নিরাপত্তাঝুঁকি ও ছাদ থেকে গুলির আশঙ্কায় আত্মরক্ষার্থে অস্ত্র উঁচিয়ে ধরেছিলেন। রোববার বিকেলে মন্ত্রিসভার বৈঠকের পর প্রধানমন্ত্রী তাঁকে ডেকে পদত্যাগের নির্দেশনা দেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।