October 20, 2026, 6:13 am
শিরোনাম :

কক্সবাজারের পাহাড়ি সড়কে শতাধিক যাত্রীকে জিম্মি করে ডাকাতি

অভয়নগর প্রতিবেদক

 

কক্সবাজারের ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কের হিমছড়ি ঢালায় সোমবার (১৯ অক্টোবর) সকালে ও দুপুরে দুই দফায় ডাকাতির ঘটনা ঘটেছে। মুখোশধারী ১০ থেকে ১২ জনের সশস্ত্র দল অন্তত ৫০ থেকে ৬০টি যানবাহনের শতাধিক যাত্রীকে জিম্মি করে টাকা, মুঠোফোন ও মূল্যবান জিনিসপত্র লুট করে। ভুক্তভোগীদের কয়েকজনকে পাশের জঙ্গলে নিয়ে মারধর করা হয়। ডাকাতির শিকার যানবাহনের বেশির ভাগই সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেল।

একটি বেসরকারি সংস্থার ঈদগড় শাখার ব্যবস্থাপক মো. রবিউল ইসলাম জানান, দুপুর ১২টার দিকে মোটরসাইকেলে ঈদগাঁও থেকে ঈদগড় যাওয়ার পথে ডাকাতেরা তাঁর ও এক সহযাত্রীর কাছ থেকে ১ লাখ ২০ হাজার টাকা, দুটি মুঠোফোন ও কাগজপত্র ছিনিয়ে নেয়। তাঁদের মারধর করে পরে ছেড়ে দেওয়া হয়। একই সড়কে আরেকটি বেসরকারি সংস্থার হিসাবরক্ষক আবদুল হাকিমের কাছ থেকে ১ লাখ ৫০ হাজার টাকা ও ব্যাংকের চেকবই লুট করা হয়। ঈদগড়ের বাসিন্দা মোহাম্মদ তারেকও ডাকাতির শিকার হন। ভুক্তভোগীদের অভিযোগ, দীর্ঘ সময় লুটপাট চললেও ঘটনাকালে সড়কে পুলিশের টহল ছিল না। স্থানীয়দের দাবি, এ সড়কে ডাকাতির পাশাপাশি অপহরণ করে মুক্তিপণ আদায়ের ঘটনাও ঘটে।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম সিফাতুল মাজদার জানান, দুর্বৃত্তরা সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে লুটপাটের পর জঙ্গলে আত্মগোপন করেছে। তাদের ধরতে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে। বিকেল তিনটার দিকে ঘটনাস্থলে অভিযান শুরু হলেও সন্ধ্যা পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। ১৭ কিলোমিটার দীর্ঘ সড়কটির গহীন বনাঞ্চল এলাকায় পুলিশের টহল জোরদার করা হয়েছে বলে জানান তিনি। নিরাপত্তাব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।



ফেসবুক কর্নার