October 20, 2026, 6:13 am
শিরোনাম :

মামলা দিতে নাহিদকে চ্যালেঞ্জ, জেলে যাওয়ার ঘোষণা ইশরাকের

অভয়নগর প্রতিবেদক

 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামকে উদ্দেশ করে ফৌজদারি মামলা দিতে বলেছেন সদ্য পদত্যাগ করা মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তিনি বলেছেন, তাঁর বিরুদ্ধে মামলা করা হলে নিজেই আত্মসমর্পণ করে কারাগারে যাবেন। সোমবার (১৯ অক্টোবর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন। এর আগে দুপুরে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা দেন ইশরাক।

ফেসবুক পোস্টে ইশরাক অভিযোগ করেন, মাদক সমস্যা ও এর প্রতিকার নিয়ে আলোচনার পরিবর্তে তাঁর ফৌজদারি অপরাধ খুঁজে বের করার পরামর্শ দিয়েছেন নাহিদ ইসলাম। তিনি লেখেন, মাদক নির্মূলের উদ্যোগের বিষয়ে আগে আলোচনা হওয়া উচিত ছিল। তরুণদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি বলেন, নতুন বন্দোবস্তের প্রত্যাশা পূরণ হচ্ছে না। আরেকটি পোস্টে নাম উল্লেখ না করে একজনের ফোন পাওয়ার কথা জানান তিনি। ওই ব্যক্তি মাদক নির্মূলের কাজে তাঁকে সঙ্গে নেওয়ার অনুরোধ করেছিলেন বলে দাবি করেন ইশরাক।

মাদক নির্মূলের বিষয়ে ইশরাক বলেন, প্রচলিত পদ্ধতির বাইরে গিয়ে প্রতিকার করতে হবে। এ প্রসঙ্গে তিনি ‘যেমন কুকুর তেমন মুগুর’ মন্তব্য করেন। শিগগিরই বড় মাদক কারবারিদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দিয়ে তিনি বিক্রেতাদের উদ্দেশেও সতর্কবার্তা দেন। তবে এ বিষয়ে বিস্তারিত কোনো পরিকল্পনা পোস্টে উল্লেখ করেননি তিনি।



ফেসবুক কর্নার