October 20, 2026, 12:18 pm
শিরোনাম :

কুড়িগ্রামে জেলের জালে ধরা পড়ল ১৪ ফুটের অজগর

মোঃ হাসান মাহমুদ জয়,

 

 

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় মাছ ধরার চায়না জালে ১৩ থেকে ১৪ ফুট লম্বা একটি অজগর সাপ ধরা পড়েছে। রোববার দুপুরে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের হক বাজারসংলগ্ন ধরলা নদীর একটি বিলে সাপটি ধরা পড়ে। সীমান্তবর্তী এলাকা হওয়ায় সাপটি নদীপথে ভারত থেকে বাংলাদেশে আসতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা গেছে, শিমুলবাড়ী ইউনিয়নের কুদ্দুস মিয়ার ছেলে আব্দুস সোবহান ধরলা নদীসংলগ্ন বিলে চায়না দুয়ারি রিং জাল দিয়ে মাছ ধরছিলেন। রোববার জাল তুলতে গিয়ে তিনি অজগরটি দেখতে পান। পরে কয়েকজন জেলের সহযোগিতায় সতর্কতার সঙ্গে জালসহ সাপটি বাড়িতে নিয়ে আসেন। খবর ছড়িয়ে পড়লে অজগরটি দেখতে তাঁর বাড়িতে উৎসুক মানুষের ভিড় জমে। সামাজিক যোগাযোগমাধ্যমেও সাপটির ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে।

স্থানীয় বাসিন্দা জগবন্ধু রায় ও বাবুল শেখ জানান, অজগরটির দৈর্ঘ্য আনুমানিক ১৩ থেকে ১৪ ফুট। সাপটি যেখানে ধরা পড়েছে, সেখান থেকে তিন থেকে চার কিলোমিটার উত্তর-পশ্চিমে ভারতীয় গিদালদহ সীমান্ত। শিমুলবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরিফুল আলম মিয়া সোহেল জানান, অজগরটি নিরাপদ স্থানে অবমুক্ত করা অথবা বন বিভাগের কাছে হস্তান্তরের বিষয়ে উপজেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে।



ফেসবুক কর্নার