
বিরোধীদল অংশ না নিলেও সংবিধান সংশোধন সংক্রান্ত কমিটির কার্যক্রম চলবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মিনগ্রাম স্কুল মাঠে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সংবিধান সংশোধনের প্রস্তাব সংসদে উত্থাপনের সময় বিরোধীদলের সদস্যরা উপস্থিত থাকবেন।
বিদেশে বাংলাদেশের বন্দীদের খোঁজখবর নিতে রাষ্ট্রদূতদের পক্ষ থেকে যথাযথ পদক্ষেপ নেওয়া হয় না—এমন অভিযোগের বিষয়ে আইনমন্ত্রী বলেন, কোনো কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ এলে তদন্ত করা হবে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে ঢালাওভাবে এ ধরনের অভিযোগ করা ঠিক নয় বলেও মন্তব্য করেন তিনি।
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনাকে অত্যন্ত দুঃখজনক উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, সৌদি সরকার কোন আইনের ভিত্তিতে এ দণ্ড দিয়েছে, তা প্রয়োজনীয় নথিপত্র পর্যালোচনা না করে মন্তব্য করা সমীচীন হবে না। সিদ্ধান্তের যৌক্তিকতা, বৈধতা ও ভিয়েনা কনভেনশনের সংশ্লিষ্ট বিষয়গুলো পর্যালোচনা করা প্রয়োজন। এর আগে তিনি মিনগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষা বিভাগের কর্মকর্তা এবং বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।