
বিয়ের মাত্র ছয় দিনের মাথায় শেরপুরের নালিতাবাড়ীতে লিমা আক্তার (২০) নামে এক নববধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। বুধবার (২১ অক্টোবর) ভোররাতে উপজেলার রূপনারায়ণকুড়া ইউনিয়নের গোপালপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী একরামুল (২২) ও শাশুড়ি ফরিদা বেগমকে (৫০) আটক করেছে পুলিশ। নিহত লিমা হালুয়াঘাট উপজেলার ধারা ইউনিয়নের মাঝিয়াইল গ্রামের সাইদুল ইসলামের মেয়ে।
পরিবার সূত্রে জানা যায়, গত ১৫ অক্টোবর এক লাখ ৭০ হাজার টাকা দেনমোহরে একরামুলের সঙ্গে লিমার বিয়ে হয়। মঙ্গলবার বিকেলে বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়িতে ফেরার পর পাঠানো জিনিসপত্র নিয়ে বিরোধের সৃষ্টি হয় বলে স্বজনদের দাবি। রাত ৩টার দিকে লিমার অসুস্থতার কথা জানিয়ে তাঁর ভগ্নিপতিকে ফোন করেন একরামুল। পরে ভোর ৪টার দিকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। স্বজনদের অভিযোগ, জিনিসপত্র নিয়ে বিরোধের জেরে লিমাকে নির্যাতন করে হত্যা করা হয়েছে।
তবে একরামুলের দাবি, ঘুম থেকে উঠে বাইরে একটি সেমিপাকা ঘরের সানশেডে ওড়না দিয়ে লিমার মরদেহ ঝুলতে দেখে তিনি নিজেই নামিয়ে আনেন। নালিতাবাড়ী থানার উপপরিদর্শক আব্দুল হান্নান জানান, লিমার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ শেরপুর জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। পুলিশ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।