
কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া আরও এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে হিমছড়ির সাগর নিবাস এলাকা থেকে হারুন নামের ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে বুধবার রাতে হিমছড়ি মারিনা রিসোর্টের জাদুঘরসংলগ্ন সৈকত থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছিল। তাঁরা হলেন আল মাহিবুল ইবনে মোকারম ওরফে রোহান, সাইফুল হক জিসান ও মোহাম্মদ আকাশ।
ফায়ার সার্ভিস জানায়, চট্টগ্রামের বিভিন্ন কারখানার পাঁচ শ্রমিক কক্সবাজারে বেড়াতে গিয়ে সাগরে গোসল করতে নামেন। একপর্যায়ে স্রোতের টানে তাঁরা ভেসে গেলে দূরে থাকা সাতজনের একটি দলের কাছে সহযোগিতা চান। তাঁদের উদ্ধারে ওই দলের তিনজন সাগরে নামলে তাঁরাও তলিয়ে যান। পরে লাইফগার্ড ও স্থানীয়রা তল্লাশি চালিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করেন। একজনকে হাসপাতালে ভর্তি করা হয়।
নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে উদ্ধার অভিযান চালানো হচ্ছে বলে জানানো হয়েছে। এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, উদ্ধারকাজে সহায়তাকারী সাতজনের দলটি ঢাকা থেকে কক্সবাজারে বেড়াতে গিয়েছিল।