
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেছেন লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য ও কৃষি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শাহাদাত হোসেন সেলিম। হাসপাতালের সার্বিক কার্যক্রম, চিকিৎসাসেবার মান, চিকিৎসক ও নার্সের সংকটসহ বিভিন্ন সমস্যা সম্পর্কে খোঁজখবর নিতে তিনি এ পরিদর্শন করেন। এ সময় সাধারণ মানুষের জন্য মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
পরিদর্শনকালে সংসদ সদস্য হাসপাতালের চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলেন এবং রোগীদের সেবা গ্রহণের সুযোগ-সুবিধা ও বিদ্যমান সীমাবদ্ধতা সম্পর্কে অবগত হন। প্রয়োজনীয় জনবলের অভাবে রোগীরা যাতে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হন, সে বিষয়ে গুরুত্ব দেন তিনি। একই সঙ্গে হাসপাতালের চিকিৎসক ও নার্স সংকটসহ অন্যান্য সমস্যা চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।
রামগঞ্জ উপজেলার বিপুলসংখ্যক মানুষ প্রাথমিক ও জরুরি চিকিৎসার জন্য এ স্বাস্থ্য কমপ্লেক্সের ওপর নির্ভরশীল। বিশেষ করে দরিদ্র ও অসচ্ছল রোগীদের ভোগান্তি কমাতে প্রয়োজনীয় জনবল নিশ্চিত করা এবং হাসপাতালের সেবার পরিবেশ উন্নত করা জরুরি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বিদ্যমান সমস্যাগুলো সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন সংসদ সদস্য। তাঁর আশ্বাস বাস্তবায়নের মাধ্যমে হাসপাতালের চিকিৎসাসেবার মান উন্নত হবে—এমন প্রত্যাশা স্থানীয় বাসিন্দাদের।