
নোয়াখালীর সুবর্ণচরের মতো গুরুত্বপূর্ণ ও ক্রমবর্ধমান জনবহুল এলাকায় মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ২৫০ শয্যায় উন্নীত করা জরুরি। উপকূলীয় ও দুর্যোগপ্রবণ এ এলাকায় ঘূর্ণিঝড় বা জলোচ্ছ্বাসের মতো প্রাকৃতিক দুর্যোগের সময় জরুরি চিকিৎসাসেবার প্রয়োজন বেড়ে যায়। বড় ও স্বয়ংসম্পূর্ণ হাসপাতাল থাকলে দুর্যোগকালীন সময়ে স্থানীয়ভাবেই দ্রুত চিকিৎসাসেবা নিশ্চিত করা সম্ভব হবে।
বর্তমানে গুরুতর অসুস্থ রোগী বা দুর্ঘটনায় আহত ব্যক্তিদের উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেলা সদর মাইজদীসহ দূরের হাসপাতালে স্থানান্তর করতে হয়। এতে সময় ও অর্থ দুটিই বেশি ব্যয় হয়। ২৫০ শয্যার হাসপাতাল হলে বিশেষজ্ঞ চিকিৎসক, আধুনিক রোগ নির্ণয় ব্যবস্থা, আইসিইউ, উন্নত প্রসূতিসেবা, আধুনিক শিশু ওয়ার্ড এবং জরুরি অস্ত্রোপচারের সুবিধা স্থানীয়ভাবে পাওয়ার সুযোগ তৈরি হবে। এতে রোগীদের দ্রুত চিকিৎসা পাওয়ার পাশাপাশি মাতৃ ও শিশুসেবার মানও উন্নত হতে পারে।
শয্যা সংখ্যা বাড়ানোর সঙ্গে চিকিৎসক, নার্স, টেকনোলজিস্ট ও প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের বরাদ্দ বাড়ানোর সুযোগ তৈরি হবে। ফলে সুবর্ণচরের সাধারণ মানুষ আরও সুশৃঙ্খল ও উন্নত স্বাস্থ্যসেবা পেতে পারেন। স্থানীয় মানুষের মৌলিক ও জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করতে স্বাস্থ্য মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বিত উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ২৫০ শয্যায় উন্নীত করার কার্যকর পদক্ষেপ নেওয়া হলে তা এ অঞ্চলের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।