
ব্যালন ডি’অর জয়ের অপেক্ষায় রয়েছেন বায়ার্ন মিউনিখের ইংলিশ স্ট্রাইকার ও ইংল্যান্ড জাতীয় দলের অধিনায়ক হ্যারি কেইন। গত মৌসুমে ক্লাব ও জাতীয় দলের হয়ে ৭৩ গোল করে এবারের পুরস্কারের অন্যতম দাবিদার হয়ে উঠেছেন তিনি। আগামী সোমবারের পুরস্কার বিতরণী অনুষ্ঠান সামনে রেখে ফল জানার অপেক্ষা তাঁর পাশাপাশি পরিবারের জন্যও চাপের হয়ে উঠেছে বলে জানিয়েছেন কেইন। বার্সেলোনার লামিনে ইয়ামাল ও রিয়াল মাদ্রিদের কিলিয়ান এমবাপ্পেও রয়েছেন আলোচনায়।
বুধবার চ্যাম্পিয়নস লিগে আর্সেনালের বিপক্ষে বায়ার্নের ২-২ গোলের ড্রয়ের পর পুরস্কার নিয়ে নিজের অনুভূতি জানান কেইন। ওই ম্যাচে গোল করার পাশাপাশি সতীর্থের গোলেও অবদান রাখেন তিনি। কেইন বলেন, তাঁর স্ত্রী ও পরিবার আগে থেকেই ফল জানতে পারলে খুশি হতেন। সবার জন্যই অপেক্ষার সময়টা বেশ চাপের। তবে বিজয়ীর নাম আগেই প্রকাশ না করার বিষয়ে আয়োজকদের সিদ্ধান্তের কারণও বুঝতে পারছেন তিনি।
কেইনের মতে, ফল আগে থেকে অজানা থাকলে অনুষ্ঠানে বড় তারকাদের উপস্থিতি নিশ্চিত করা সহজ হয় এবং দর্শকদের আগ্রহও বাড়ে। তিনি বলেন, নিজেও আগে থেকে ফল জানতে চাইতেন, যাতে সারারাত অপেক্ষা করতে না হয়। তবে এটি আয়োজকদের সিদ্ধান্ত হওয়ায় তাঁর কিছু করার নেই। পুরস্কার নিয়ে নানা গুঞ্জন থেকে দূরে থাকার চেষ্টা করছেন বলেও জানান ইংল্যান্ড অধিনায়ক। তাঁর ভাষ্য, বিষয়টি নিয়ে বেশি না ভাবার চেষ্টা করলেও তা কঠিন। তাই অতিরিক্ত দুশ্চিন্তা না করে অনুষ্ঠান উপভোগ করতে চান তিনি।