October 24, 2026, 2:04 pm

প্রথম ফুটবলার হিসেবে বিশেষ পুরস্কার পেলেন মেসি

অভয়নগর প্রতিবেদক

 

ফুটবল মাঠের অসংখ্য রেকর্ডের পর এবার মাঠের বাইরের অর্জনে ইতিহাস গড়লেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। প্রথম ফুটবলার হিসেবে ব্যক্তিগতভাবে স্পেনের মর্যাদাপূর্ণ ‘প্রিন্সেস অব আস্তুরিয়াস অ্যাওয়ার্ড’-এর ক্রীড়া বিভাগে পুরস্কার পেয়েছেন তিনি। শুক্রবার (২৩ অক্টোবর) স্পেনের ওভিয়েদোর ক্যাম্পোয়ামর থিয়েটারে আয়োজিত অনুষ্ঠানে প্রিন্সেস লিওনরের হাত থেকে ২০২৬ সালের পুরস্কার গ্রহণ করেন ইন্টার মায়ামির অধিনায়ক।

মেসির বর্ণাঢ্য ক্যারিয়ারে যুক্ত হলো আরও একটি অনন্য স্বীকৃতি। এর আগে ২০০২ সালে ব্রাজিল জাতীয় দল এবং ২০১০ সালে স্পেন জাতীয় দল এই পুরস্কার পেয়েছিল। ২০১২ সালে যৌথভাবে সম্মানিত হন স্পেনের দুই তারকা ইকার ক্যাসিয়াস ও জাভি হার্নান্দেজ। গত ৩ জুন ২৭টি মনোনয়নের মধ্য থেকে মেসিকে বিজয়ী ঘোষণা করে বিচারকমণ্ডলী। তার প্রতিভা, ধারাবাহিক পারফরম্যান্স, বিনয় ও দলীয় সাফল্যের প্রতি অঙ্গীকারকে গুরুত্ব দেওয়া হয়।

মেসির অর্জনের ঝুলিতে রয়েছে ৪৭টি দলীয় শিরোপা। মাঠের সাফল্যের পাশাপাশি ইউনিসেফের শুভেচ্ছাদূত হিসেবে শিশুদের অধিকার নিয়ে কাজ এবং তার প্রতিষ্ঠিত লিও মেসি ফাউন্ডেশনের মাধ্যমে সুবিধাবঞ্চিত শিশুদের স্বাস্থ্যসেবা ও শিক্ষার সুযোগ বাড়ানোর বিষয়টিও স্বীকৃতির কারণ। স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোকে সঙ্গে নিয়ে অনুষ্ঠানে যোগ দেন তিনি। পুরস্কারটির সঙ্গে রয়েছে স্প্যানিশ শিল্পী হোয়ান মিরোর নকশা করা ভাস্কর্য, সনদ, পদক ও ৫০ হাজার ইউরো অর্থমূল্য। এর আগে ক্রীড়া বিভাগে এ পুরস্কার পেয়েছেন সেরেনা উইলিয়ামস, ক্যারোলিনা মারিন ও এলিউড কিপচোগে।



ফেসবুক কর্নার