
রাজধানীর মগবাজারে সংগীতশিল্পী আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। শনিবার (২৪ অক্টোবর) ভোর পৌনে ৫টার দিকে বিশাল সেন্টারের সামনে পার্ক করা গাড়িটিতে এ ঘটনা ঘটে। তবে ওই সময় গাড়িতে ছিলেন না আসিফ। ঘটনার বিষয়ে তার স্ত্রী সালমা আসিফ মিতু জানান, কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা বুঝতে পারছেন না তারা।
সালমা আসিফ মিতু বলেন, আসিফ তাকে জানিয়েছেন, কে বা কারা তার গাড়িতে গুলি করে ক্ষতি করেছে। তিনি ওপর থেকে সিসিটিভি দেখেছেন এবং গুলির শব্দ শুনেছেন। কাউকে সন্দেহ করেন কি না—এমন প্রশ্নে তিনি বলেন, তাদের সন্দেহ করার মতো কেউ নেই। আসিফ সব সময় সবার সঙ্গে মিলেমিশে চলেছেন এবং ন্যায্য কথা বলেছেন। ঘটনাটিকে অবিশ্বাস্য উল্লেখ করে তিনি জানান, আসিফ সুস্থ আছেন এবং ঘুমাচ্ছেন।
হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, বিশাল সেন্টারের সামনে পার্ক করা গাড়িটি লক্ষ্য করে গুলি চালানো হয়। পুলিশের অভ্যন্তরীণ প্রতিবেদন অনুযায়ী, ভোর পৌনে ৫টার দিকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি সিএনজিচালিত অটোরিকশায় এসে গাড়িটি লক্ষ্য করে গুলি ছোড়েন। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে গাড়ির পেছনের জানালা খুলে ভেতর থেকে একটি গুলির কার্তুজ উদ্ধার করা হয়। এ ঘটনায় কেউ হতাহত হননি।