
কুমিল্লার হোমনা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জহিরুল হক জহর এবং আছাদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জহিরসহ হোমনা ও তিতাস উপজেলার ১০ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। রোববার (২৫ অক্টোবর) দ্রুত বিচার আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবিদা সুলতানা মলির আদালতে হাজির হয়ে তাঁরা জামিন আবেদন করেন।
শুনানি শেষে বিচারক তাঁদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী তৌহিদুল ইসলাম বাবু।
আইনজীবী তৌহিদুল ইসলাম বাবু জানান, ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তিতাস উপজেলার নাগেরকান্দিতে বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ওই কার্যালয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ছিল বলে মামলায় উল্লেখ করা হয়েছে। এ ছাড়া ঘটনায় ভয়ভীতি প্রদর্শন ও ককটেল বিস্ফোরণের অভিযোগও রয়েছে। এ মামলায় জামিন চাইতে আদালতে হাজির হলে আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।