
বাংলাদেশে স্বাস্থ্যসেবা, স্বাস্থ্য গবেষণা, মাতৃ ও শিশুস্বাস্থ্য এবং আধুনিক চিকিৎসা অবকাঠামো উন্নয়নে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। মঙ্গলবার (২৭ অক্টোবর) জাপানের টোকিওতে ফাউন্ডেশন আয়োজিত স্বাস্থ্যবিষয়ক এক সেমিনারে বক্তব্য দিতে গিয়ে তিনি এ আহ্বান জানান। তিনি বলেন, বাংলাদেশের বর্তমান সরকার স্বাস্থ্যসেবা, শিক্ষা ও সামাজিক সুরক্ষাকে অগ্রাধিকার দিচ্ছে। সবার জন্য সাশ্রয়ী চিকিৎসা, সরকারি স্বাস্থ্যসেবার মান বৃদ্ধি, স্বাস্থ্যকর্মী নিয়োগ এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সুযোগ সম্প্রসারণে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।
ডা. জুবাইদা রহমান বলেন, কর্মসংস্থানমুখী শিক্ষা, সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের সুযোগ বৃদ্ধি এবং পরিবারভিত্তিক সামাজিক সহায়তা কর্মসূচি ও ফ্যামিলি কার্ড চালুর মাধ্যমে মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার। তাঁর মতে, বাংলাদেশ ও জাপানের অভিজ্ঞতা, জ্ঞান ও সক্ষমতা কাজে লাগিয়ে স্বাস্থ্য ও সামাজিক খাতের চ্যালেঞ্জ মোকাবিলার সুযোগ রয়েছে। শিশুদের সুস্থ পরিবেশে বেড়ে ওঠা, মানসম্মত শিক্ষা নিশ্চিত করা এবং দারিদ্র্য ও সহিংসতাসহ বিভিন্ন ঝুঁকি থেকে মানুষকে সুরক্ষা দেওয়ার ওপরও গুরুত্বারোপ করেন তিনি। পাশাপাশি ‘সবার জন্য স্বাস্থ্য’ নিশ্চিত করতে স্বাস্থ্য কূটনীতির ভূমিকার কথা তুলে ধরেন।
চিকিৎসক হিসেবে নিজের পেশাগত অভিজ্ঞতা তুলে ধরে ডা. জুবাইদা রহমান বলেন, উপযুক্ত স্বাস্থ্যনীতি, গবেষণার অগ্রগতি এবং আধুনিক চিকিৎসাপ্রতিষ্ঠান গড়ে তোলার ক্ষেত্রে বাংলাদেশের উল্লেখযোগ্য সম্ভাবনা রয়েছে। মাতৃ ও শিশুস্বাস্থ্যের উন্নয়নে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি সংস্থা, আন্তর্জাতিক প্রতিষ্ঠান ও জনকল্যাণমূলক ফাউন্ডেশনের অবদানের ওপরও গুরুত্ব দেন তিনি। শিশু ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর স্বাস্থ্য সুরক্ষায় সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের কার্যক্রমের প্রশংসা করে বাংলাদেশে এর কার্যক্রম সম্প্রসারণের আহ্বান জানান। স্বাস্থ্য সুরক্ষা ও টেকসই স্বাস্থ্যসেবা নিশ্চিতের উদ্যোগে বাংলাদেশ সরকার সহযোগিতা দিতে প্রস্তুত বলেও উল্লেখ করেন তিনি। সেমিনারে নিপ্পন ফাউন্ডেশন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের অনারারি চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়াসহ বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন।