
ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুর ১০ নম্বর গোলচত্বর অভিমুখে দুই দফায় মিছিল নিয়ে জড়ো হওয়ার চেষ্টা করেছেন পোশাকশ্রমিকেরা। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কয়েক দফা ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এসব ঘটনায় ২৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে পুলিশের সতর্ক অবস্থানের মধ্যে বর্তমানে মিরপুর ১০ এলাকায় যান চলাচল স্বাভাবিক রয়েছে।
সোমবার (২ নভেম্বর) সকাল থেকে মিরপুর ২, ১১ ও রূপনগরসহ বিভিন্ন এলাকা থেকে শ্রমিকেরা মিছিল নিয়ে মিরপুর ১০ নম্বর গোলচত্বরের দিকে যাওয়ার চেষ্টা করেন। মিরপুর স্টেডিয়ামসংলগ্ন এলাকা থেকেও দুই দফায় মিছিল নিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাঁদের বাধা দিয়ে ছত্রভঙ্গ করে দেয়। এদিকে, গোলচত্বরে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েনের পাশাপাশি জলকামান ও প্রিজন ভ্যান রাখা হয়। আশপাশের পোশাক কারখানাগুলোতেও নজরদারি বাড়ানো হয়।
ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার মহিদুল ইসলাম জানান, মিরপুর বিভাগের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এসব ঘটনায় পাঁচটি মামলা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের রাজনৈতিক সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। আন্দোলনের নামে কেউ যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক রয়েছে বলে জানান তিনি।